
আন্তর্জাতিক ডেস্কঃ যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে ফিলিপাইন সাগরে বিধ্বস্ত হয়েছে। দৈনন্দিন মহরার অংশ হিসেবে আজ সোমবার বিমানটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওই দ্বীপে বিধ্বস্ত হলেও বেঁচে গেছেন বিমানে থাকা দুইজন পাইলট। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওকিনাওয়া প্রদেশের প্রতিরক্ষা ব্যুরোর মুখপাত্র ওসামু কোসাকি বলেন, প্রদেশটির রাজধানী নাহা থেকে ২৫০ কিলোমিটার দূরে স্থানীয় সময় আনুমানিক পৌনে বারোটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মার্কিন একটি সামরিক বিমানের মাধ্যমে পাইলট দু’জনকে উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি।