
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের একটি অস্ত্রাগারে আকস্মিকভাবে বিশাল বিস্ফোরণ ঘটেছে। হঠাৎ সংঘটিত এই দূর্ঘটনায় সাত সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন নুন্যতম ২৫জন। গতকা রবিবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে এহেন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইরাক ও ইরান সীমান্তের নিকটবর্তী সেমদিনলি অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে হাক্কারির গভর্নর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এত বড় ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রথম বিশ্বযুদ্ধের ১০০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, বিস্ফোরণে আমাদের সাত সেনা শহিদ ও ২৫ সেনা আহত হয়েছেন। আধিকারিকরা বিস্ফোরণস্থল পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে দেশের প্রতিরক্ষা দফতর জানিয়েছিল, ভারী গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় ২৫ সেনা-জওয়ান আহত হয়েছেন।