
আন্তর্জাতিক ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলিতে তিন লাখের বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে আগের রেকর্ড ভঙ্গ করেছে ভারতের উত্তরাঞ্চলীয় শহর অযোধ্যা। ফেস্টিভ্যাল অব লাইটস হিসেবে পরিচিত দীপাবলি উৎসবের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে গতকাল বুধবার রাতে সুরায়ু নদীরে তীরে এতো সংখ্যক মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। প্রায় পাঁচ মিনিট ধরে তিন লাখ এক হাজার একশ’ ৫২টি প্রদীপ উত্তর প্রদেশের সুরায়ু নদীর তীরে ধর্মীর নগরী অযোধ্যায় প্রজ্জ্বলন করেন ভক্তরা। যার মাধ্যমে পার্শ্ববর্তী রাজ্যের ২০১৬ সালে গড়া রেকর্ডটি ভাঙ্গা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন রাজ্য সরকার।
এর আগে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর এক লাখ ৫০ হাজার ৯টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ রেকর্ড নিজেদের দখলে রেখেছিলো হরিয়ানা। বুধবারের এ আয়োজনে অযোধ্যায় উপস্থিত ছিলেন চার দিনের সফরে ভারতে অবস্থান করা দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জং-সুক এবং প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ বিষয়ে টুইটারে রাজ্য সরকার জানিয়েছে, ৪৮ খ্রিস্টপূর্বে এই শহরের রানি কোরিয়ায় গিয়ে সে দেশের রাজা সুরোকে বিয়ে করেছিলেন। তাই অযোধ্যার সঙ্গে কোরিয়ার এক ঐতিহাসিক সংযোগ রয়েছে।