
আন্তর্জাতিক ডেস্কঃ সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় তুরস্কের তদন্তে সৌদি আরবকে সহযোগিতার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। আজ বুধবার কমিশনের নারী মুখপাত্র ব্রাসেলসে এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান। নারী মুখপাত্র মাজা কসিজানসিস বলেন, আমরা আশা করছি সৌদি সংস্থাগুলো তদন্তে পাওয়া সব তথ্য জানাবে এবং দায়ীদের বিচারের আওতায় আনবে। এটার জন্য তাদের তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে হবে। কমিশনের মুখপাত্র আরও বলেন, শুরু থেকেই আমরা খাশোগি হত্যার বিষয়ে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও দ্রুত তদন্তের জন্য সৌদি আরবকে বলে আসছি।
২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর জামাল খাশোগিকে হত্যা করা হয়। কয়েক সপ্তাহ অস্বীকারের পর শেষ পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ স্বীকার করে খাশোগিকে হত্যা করা হয়েছে। তবে তারা দাবি করে, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজপরিবারের কোনও সদস্য জড়িত না। এর আগে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছিলেন, আমরা নিশ্চিদ্র তদন্ত ও সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পুরো স্বচ্ছতা চাই।গত সপ্তাহে তুর্কি প্রসিকিউটর জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে কনস্যুলেটে প্রবেশের পরই খাশোগিকে হত্যা করা হয়েছে। পরে টুকরো টুকরো করে খাশোগির মরদেহ গুম করে ফেলা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ দাবি করে আসছে তারা খাশোগির মরদেহ সম্পর্কে কিছুই জানে না।