
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে উত্তরপ্রদেশে ফয়জাবাদের নাম বদলে অযোধ্যা রাখার পর কয়েক ঘণ্টা পরই আমেদাবাদের নাম বদলাতে উদ্যোগী হল গুজরাট সরকার। কোনও আইনি বাধা না-থাকলে, খুব শিগগিরই আমেদাবাদের নাম বদলে কর্ণাবতী করার হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। আজ বুধবার গান্ধীনগরে গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল বলেন, এখনও মানুষ মনে করে আমেদাবাদের নাম বদলে কর্ণবতী করা উচিত। আইনি জটিলতা কাটাতে প্রয়োজনীয় সহযোগিতা যদি আমরা পাই, তাহলে সবসময় আমরা শহরের নাম বদলাতে তৈরি আছি। আমেদাবাদই ভারতের একমাত্র শহর যেটি ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে।
ইতিহাস বলছে, দ্বাদশ শতাব্দী থেকে আমেদাবাদে মানুষের বসবাস। তখন একে বলা হত অশবল।অনহিলওয়ারার চালুক্য শাসক কর্ণ অশবলের রাজা ভিলকে যুদ্ধে পরাস্ত করে সবরমতী নদীর ধারে কর্ণবতী নামে শহর গড়ে তুলেছিলেন। ১৪১১ সালে কর্ণবতীর কাছেই নয়া এক শহরের শিলান্যাস করেন সুলতান আহমেদ শাহ। সে সময় আহমেদ নামে পরিচিত জন পীরের নাম অনুসারে শহরটির নাম রাখা হয় আমেদাবাদ। তবে আমেদাবাদের নাম বদলের প্রচেষ্টা শাসক দল বিজেপির নির্বাচনী গিমিক বলে কটাক্ষ করেছেন কংগ্রেস মুখপাত্র মণীশ দোশি। তিনি বলেন, হিন্দুদের ভোট পেতেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার চেষ্টা, আমেদাবাদের নাম বদলে কর্ণবতী করার প্রয়াস চালাচ্ছে বিজেপি। ক্ষমতায় আসার পর এই ইস্যুগুলিকে তারা ধামাচাপা দিয়ে দেয়। এরপর বছরের পর বছর ধরে শুধু হিন্দুদের প্রতারণা করে যায়। এর আগে গতকাল মঙ্গলবার দীপাবলিতে উত্তরপ্রদেশের ফয়জাবাদের নাম বদলে অযোধ্যা করার কথা ঘোষণা করেন যোগী আদিত্যনাথ।