
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের বাদশাহ সালমান এক সপ্তাহের দেশ সফর শুরু করেছেন। গতকাল মঙ্গলবার থেকে বাদশাহ সফর শুরু করেছেন। সিংহাসনে আরোহনের পর এটাই ৮২ বছর বয়সী বাদশাহর প্রথম অভ্যন্তরীণ সফর। ২০১৫ সালে বাদশাহ হওয়া সালমান কাসিম ও হাইল প্রদেশ সফর করবেন। উভয় প্রদেশ রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। সৌদি কর্মকর্তারা জানান, সফরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন বাদশাহ। তবে এই সফরে প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান সঙ্গী হয়েছেন কিনা তা জানা যায়নি। তুরস্কের ইস্তানবুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা নিয়ে আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মধ্যেই দেশ সফরে বের হলেন সৌদি বাদশাহ। ২ অক্টোবর জামাল খাশোগি কনস্যুলেটে প্রবেশ করলে তাকে হত্যা করে সৌদি হিট স্কোয়াড। শুরুতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত তুর্কি ও আন্তর্জাতিক চাপে তাকে হত্যার কথা স্বীকার করে রিয়াদ এবং ১৮ জনকে গ্রেফতার করে।