
আন্তর্জাতিক ডেস্কঃ শুধু গেরুয়া পরলেই সাধু হয় না। সাধু হওয়ার জন্য প্রয়োজন অনেক ত্যাগ, কালি পূজার প্রাক্কালে এভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি নেতাদের হিন্দুত্বর পাঠ দিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিণেশ্বরে কলকাতার প্রথম স্কাইওয়াক উদ্বোধন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিশানা করলেন আরএসএস-বিজেপিকেই। গেরুয়া পরলেই সাধু হয় না। মনটা সাধুর মতো হওয়া চাই।
গেরুয়া মানে ত্যাগ, তিতিক্ষা। এরা খায়, দায় ঘুরে বেড়ায়। আর ভাষণ দিয়ে বেড়ায়। আসল সাধুসন্ত পাহাড়ে থেকে বনে থেকে তপস্যা করেন। লোভ কাজ করে না। এরা এনজয় করে বেড়াবে আবার গেরুয়া পরবে। একটা সত্যি গেরুয়া আর একটা ঝুটা, বলেন মুখ্যমন্ত্রী মমতা। বিজেপিকে গেরুয়া ভেকধারী বলেও তোপ দাগলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বললেন, বিজেপি নকল গেরুয়া। ওরা শুধু ধর্ম-ধর্ম করে, ধর্মের জন্য কিছু করে না।