
আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার পাকিস্তানের দিকে তোপ দাগলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ পঞ্জাবে সন্ত্রাস ছড়ানোর চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার একদিন পরেই গতকাল রবিবার সেনাপ্রধানের অভিযোগ, দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান৷ একইসঙ্গে তিনি উৎসবের মরসুমে সকলকে একটু বেশিই সতর্ক থাকার কথা বলেছেন, যাতে শত্রুদের যে কোনও ছক বানচাল করে দেওয়া সম্ভবপর হয়৷ সংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেনারেল বিপিন রাওয়াত বলেন, আমাদের এক প্রতিবেশী দেশ রয়েছে যারা সবসময় দেশের পরিবেশ নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে থাকে৷ আমাদের দেশের উন্নয়ন ওদের পছন্দ নয়৷
ভারতীয় সেনাপ্রধান বলেন, বিদেশী শক্তির সাহায্যে পঞ্জাব এবং অসমে সন্ত্রাসবাদের শিকড় শক্তিশালী করে তোলার চেষ্টা চলছে৷ খুব তাড়াতাড়ি কোনও পদক্ষেপ না নিলে অনেক দেরি হয়ে যাবে৷ পাশাপাশি পঞ্জাবের দ্রুত উন্নয়নের প্রসঙ্গ তুলে রাওয়াত বলেন, রাজ্যের শান্তি নষ্ট করার প্রচেষ্টা চলছে৷ আমাদের সাবধান থাকতে হবে৷ তিনি আরও বলেন, পঞ্জাবে কিছু সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে৷ তবে রাজ্যবাসীকে আরও সতর্ক থাকতে হবে৷ পঞ্জাব এমন এক রাজ্য যেখানে সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলা সম্ভবপর হয়েছে, কারণ রাজ্যবাসী এই কাজে এগিয়ে এসেছিল বলে৷