
আন্তর্জাতিক ডেস্কঃ বেকারদের জন্য সুখবর শোনালেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ ১০ লক্ষ চাকরির ঘোষণা করলেন তিনি৷ জানিয়ে দিলেন এই চাকরি পাবেন রাজ্যের তরুণ প্রজন্ম৷ গতকাল সোমবার যুব-সমাজকে কাছে টানতে একটি সভার আয়োজন করা হয়েছিল৷ সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী এই বিষয়টি জানান৷ গতকাল সোমবার মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত ওই সভার মূল উদ্যোক্তা ছিল বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা৷ ওই সভা ভোপালের টাউন হলে অনুষ্ঠিত হয়৷ তবে তা দেখানো হয়েছে রাজ্যের সর্বত্র৷ দলের জেলা কার্যালয়গুলির মাধ্যমে এই সভার সরাসরি সম্প্রচার করা হয়৷
আগামী মাসের ২৮ তারিখ মধ্যপ্রদেশে বিধানসভার নির্বাচন৷ সেই নির্বাচনে জিততে মরিয়া বিজেপির শিবরাজ সিং চৌহান৷ ২০০৫ সাল থেকে তিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে তিনি৷ ফলে এবার তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া জোরদার৷ তাই গোড়া থেকেই তিনি ভোটারদের মন পেতে নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন৷ সেই প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম তরুণ প্রজন্মকে চাকরির দেওয়ার ঘোষণার বিষয়টি৷ মধ্যপ্রদেশের ভোটারদের মধ্যে এবার তরুণ প্রজন্মের ভোটারের সংখ্যাটা অনেক বেশি৷ প্রায় এক তৃতীয়াংশ ভোটারের বয়স ৩০-এর নীচে৷ মোট ভোটারদের মধ্যে ৫০ শতাংশের বয়স ৪০-এর নীচে৷ সেই কারণেই তিনি তরুণ প্রজন্মকে কাছে টানতে এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের৷