
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তিন শিশুর বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, গাজা ও ইসরায়েলকে বিভাজনকারী সীমান্তবেড়ার এলাকা থেকে ওই তিন কিশোরের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। ইসরায়েলি সেনাবাহিনী বাহিনী জানিয়েছে, ওই তিন ফিলিস্তিনি কিশোর নিরাপত্তা বেড়ার কাছে এসে একটি বিস্ফোরক ডিভাইস বসানোর চেষ্টাকালে বিমান হামলা চালানো হয়। এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, খান ইউনিসের পূর্ব পাশে ওই তিন শিশুর মৃতদেহ পাওয়া গেছে।