News71.com
 International
 29 Oct 18, 07:09 AM
 164           
 0
 29 Oct 18, 07:09 AM

শ্রীলংকানদের প্রতি সংবিধান মেনে চলার আহ্বান জানাল ভারত  

শ্রীলংকানদের প্রতি সংবিধান মেনে চলার আহ্বান জানাল ভারত   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,শ্রীলংকার চলমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে বিবাদমান সবপক্ষকে গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক প্রক্রিয়া মেনে চলারও আহ্বান জানিয়েছে দেশটি। গত শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাইথ্রিপল সিরিসেনা। বিরোধীরা প্রেসিডেন্টের পদক্ষেপকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। এ নিয়ে সাংবিধানিক সংকটে পড়েছে ভারত মহাসাগরীয় দেশটি। আজ রবিবার এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাজেশ কুমার বলেন,গণতান্ত্রিক দেশ এবং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে শ্রীলংকার পরিবর্তিত পরিস্থিতির উপর নজর রাখছে ভারত।

আমরা আশা করি গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক প্রক্রিয়া সমুন্নত থাকবে। গত কয়েক মাস ধরে শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে রনিল বিক্রমসিংহের সম্পর্ক ভাল যাচ্ছিলো না। তাদের দুইজনের দ্বন্দ্বে রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়। এর জেরে বর্তমান জোট সরকার থেকে সমর্থন তুলে নেয় প্রেসিডেন্ট সিরিসেনার রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স। এরপরই ইউনাইটেড ন্যাশনাল পার্টি হতে আসা প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বহিষ্কার করেন প্রেসিডেন্ট সিরিসেনা। ২০১৫ সালের নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করেছিলেন সিরিসেনা। পরাজিতরা একে ভারত সমর্থিত অভ্যুত্থান বলে আখ্যায়িত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন