
নিউজ ডেস্কঃ শ্রীলংকার ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে দাবি করেছেন তিনিই এখনও দেশটির প্রধানমন্ত্রী। একই সঙ্গে দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিজও ধরে রেখেছেন তিনি। এর আগে রনিল বিক্রমসিংহেকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন শ্রীলংকার প্রেসিডেন্ট। আজ শনিবার শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন,আমি এখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত আছি। কেবল সংসদই প্রধানমন্ত্রীকে সরাতে পারে এবং সংসদে আমার দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এ বিষয়ে সংসদের জরুরি অবিবেশন ডাকারও আহ্বান জানান রনিল। বলেন,যারা তার বিরুদ্ধে অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপল সিরিসেনা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নিয়োগ দেন। গতকালই রাজাপাকসে শপথ বাক্য পাঠ করেন। বিরোধীরা প্রেসিডেন্টের পদক্ষেপকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। এদিকে প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে শীর্ষ পুলিশ কর্মকর্তা নালাকা ডি সিলভাকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে রনিল বিক্রমসিংহের সম্পর্ক ভাল নয়। গত কয়েক মাস ধরে তাদের দুইজনের দ্বন্দ্বে রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়। দ্বন্দ্বের জের ধরে বর্তমান জোট সরকার থেকে সমর্থন তুলে নেয় প্রেসিডেন্ট সিরিসেনার রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স। এরপরই প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বহিষ্কার করলেন প্রেসিডেন্ট সিরিসেনা। ২০১৫ সালের নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করেছিলেন সিরিসেনা। পরাজিতরা একে ভারত সমর্থিত অভ্যুত্থান বলে আখ্যায়িত করেন।