
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার এক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পাঁচদিন ধরে জিজ্ঞাসাবাদের পর পুলিশের উপ-মহাপরিদর্শক পদ মর্যাদার এই কর্মকর্তাকে আজ শুত্রুবার গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র। প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর তা শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে সিরিসেনা তাকে হত্যায় ভারতীয় গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগের খবর প্রকাশিত হলে এই উত্তেজনা দেখা দেয়। ভারত ও শ্রীলঙ্কা উভয় দেশই এমন অভিযোগ অস্বীকার করেছে।
শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন (সিআইডি) পাঁচদিন জিজ্ঞাসাবাদের পর নালাকা ডি সিলভাকে গ্রেফতার করা হয়েছে। সিলভার বিরুদ্ধে প্রেসিডেন্ট, একজন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বেশ কয়েকজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আদালত সিলভাকে ৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এক সংবাদ সম্মেলনে পুলিশের এক তথ্যদাতা (ইনফরমার) এই অভিযোগ তুলেন। তদন্তকারীরা সিলভা মোবাইল ফোনের তথ্য উদঘাটনের চেষ্টা করছে। আদালত হুয়াওয়ে কোম্পানির সহযোগিতা নেওয়ার জন্য অনুমতিও দিয়েছে। তবে হুয়াওয়ে কোম্পানির এক মুখপাত্র জানান, শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে এখনও তারা কোনও অনুরোধ পাননি।