News71.com
 International
 24 Oct 18, 04:08 AM
 283           
 0
 24 Oct 18, 04:08 AM

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর ভাইঝিকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করল কংগ্রেস  

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর ভাইঝিকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করল কংগ্রেস   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝিকে প্রার্থী করল কংগ্রেস৷ আজ মঙ্গলবার করুণা শুক্লার নাম ঘোষণা করা হয়েছে রাহুল গান্ধীর দলের তরফে৷ তিনি ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামছেন৷ আর শুরুতেই তাঁকে লড়তে হবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে৷ কারণ, তিনি প্রার্থী হচ্ছেন রাজনন্দগাঁও থেকে৷ ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী রমন সিং৷ ফলে ছত্তিশগড়ে বিজেপির তিনবারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে হবে করুণা শুক্লাকে৷ আজ মঙ্গলবার ছত্তিশগড়ে ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেসে৷ সেই ৬ জনের মধ্যেই করুণার নাম রয়েছে৷

যদিও কংগ্রেসের দাবি, করুণা প্রার্থী হওয়াতে চাপে পড়ে যাবেন স্বয়ং রমন সিং৷ কারণ, কংগ্রেসে যোগদানের পর থেকে ওই কেন্দ্রেই কাজ করছেন করুণা৷ ফলে ওই কেন্দ্রের অনেকটাই এখন তাঁর নখদর্পণে৷ সেই কারণেই তাঁকে রমন সিংয়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে৷ রাজনৈতিক মহলের মতে, করুণাকে রমন সিংয়ের বিরুদ্ধে প্রার্থী করে আসলে কংগ্রেস চাপে ফেলতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ কারণ, বাজপেয়ীর মৃত্যুর পর থেকে তাঁর আবেগ উসকে ভোটের বাজারে সাফল্য পাওয়ার চেষ্টা করছে বিজেপি৷ এক্ষেত্রে করুণা শুক্লাকে তার পালটা হিসেবে ব্যবহার করবে কংগ্রেস৷ মোদী জমানায় বাজপেয়ীকে কীভাবে বারবার উপেক্ষিত করা হয়েছে, প্রচারে করুণা সেটাই তুলে ধরবেন৷ এখন দেখার সেই প্রচারে শেষপর্যন্ত কংগ্রেসের লাভ হয়৷ নাকি কংগ্রেসের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে রমন সিং আবার ওই কেন্দ্র থেকে জিতে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন