
আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন বিরোধীরা। গতকাল রবিবার দেশটিতে বিক্ষোভ হয়। এদিকে নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে করা প্রেসিডেন্ট ইয়ামিনের আবেদনের শুনানি হবে শীর্ষ আদালতে ।গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সলিহ ১৬ দশমিক ৮ ভাগ ভোটের ব্যবধানে জয় পান। পরের দিনই প্রেসিডেন্ট ইয়ামিন পরাজয় স্বীকার করেন। তবে তিনি ভেতরে ভেতরে পূর্ণাঙ্গ ফল ঘোষণায় দেরি করার পরিকল্পনা করেন বলে জানা যায়। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ফল প্রকাশ করে এবং তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ।
নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ৮৯ দশমিক ২ ভাগ ভোট পড়েছে এবং ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আগামী ১৭ নভেম্বর ইব্রাহিম মোহাম্মদের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা প্রেসিডেন্ট ইয়ামিনের। কিন্তু গত সপ্তাহে ইয়ামিনের আইনজীবী সুপ্রিম কোর্টে নির্বাচনে কারচুপি হয়েছে বলে উল্লেখ করেন। তিনি ভোট বাতিলের আবেদন জানান। গত শনিবার আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, জীবনের হুমকিতে দেশ ছেড়েছেন নির্বাচন কমিশনের ৪ কর্মকর্তা। গতকাল বিক্ষোভকারীরা বলেন, এই জয় আমাদের অধিকার, এটা কেউ পরিবর্তন করতে পারেন না, সরকার আমাদের ভোট নিয়ে খেলা করতে পারে না। তারা পরাজিত ইয়ামিনকে গ্রেপ্তারের দাবি জানান ।