
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথির নায়ক হলে আনোয়ার মহানায়ক। পাকাতান হারাপান প্রার্থী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম পোর্ট ডিকসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলে ভোট গণনা। মোট ৩১ হাজার ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনোয়ার ইব্রাহিম।পিএএস প্রার্থী লেট-কোল (বি।) মোহাম্মদ নজরুরী মোখতার পেয়েছেন ৭ হাজার ৪৫৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তানশ্রী ইয়াশা সামাদ ৪ হাজার ২৩০ ভোট পেয়েছেন। এছাড়া লাউ সেক ইয়ান (২১৪), কান চেই ইউয়েন (১৫৪) এবং মোহাম্মদ সাইফুল বুখারী আজলান (৮২) ভোট পেয়েছেন। পোর্ট ডিকসন নির্বাচনের ফলে এমপি দাতুক আব্দুল্লাহ পদত্যাগ করেন, যিনি আনোয়ারের পক্ষে সংসদে ফিরে আসার পথ বেছে নেন। পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার ইব্রাহিম। দীর্ঘ সংগ্রামের পর সফল হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন। আবার সেই মাহাথির মোহাম্মাদের হাত ধরেই দেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন পালাবদলের। আনোয়ার মামলা থেকে মুক্তি পাওয়ার পর আবার সক্রিয় হয়েছেন রাজনীতিতে। শনিবার তাই নতুন এই ক্ষেত্রে প্রথম পরীক্ষার মুখোমুখি হয়ে বিজয়ী হয়েছেন আনোয়ার ইব্রাহিম। তার জন্য প্রতিশ্রুতি অনুসারে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত হওয়ার পথ প্রস্তত হলো। দেশটির মূলধারার রাজনীতিতে আবার শুরু হবে আনোয়ার যুগ।