News71.com
 International
 10 Oct 18, 06:05 AM
 186           
 0
 10 Oct 18, 06:05 AM

উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪৮টি চীনা ড্রোন কিনছে পাকিস্তান  

উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪৮টি চীনা ড্রোন কিনছে পাকিস্তান   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪৮টি সামরিক ড্রোন সরবরাহের ঘোষণা দিয়েছে চীন। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ সংগ্রহে ভারতের চুক্তির এক সপ্তাহের মাথায় চীনের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। ড্রোনগুলো তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। এ চুক্তিকে পাকিস্তান ও চীনের মধ্যে সবচেয়ে বড় সামরিক চুক্তি হিসেবে দেখা হচ্ছে। গতকাল মঙ্গলবার পাকিস্তান বিমানবাহিনীর অফিশিয়াল ফেসবুকে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়। তবে চুক্তির ব্যয় বা এসব ড্রোনের দাম সম্পর্কে বেইজিং বা ইসলামাবাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উচ্চ ক্ষমতার চীনা সামরিক ড্রোনগুলোর নাম দেওয়া হয়েছে উইং লুং ২। এটি সহজেই শত্রুর অবস্থান শনাক্ত করে সেখানে আঘাতের সক্ষমতা রাখে। ড্রোনগুলো টানা ২০ ঘণ্টা আকাশে উড্ডয়নে সক্ষম। একেকটি ড্রোন ৪৮০ কেজি ওজনের যুদ্ধসামগ্রী বহন করতে পারবে। এটি যে কোনও আবহাওয়ায় অপারেশন চালানোর উপযোগী। এর আগে চলতি মাসের গোড়ার দিকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক এস-৪০০ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ভারত। দিল্লির হায়দরাবাদ হাউসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে রাশিয়ার সঙ্গে ভারতের এমন সামরিক চুক্তি ট্রাম্প প্রশাসনকে চরম অস্বস্তিতে ফেলেছে। কারণ, ভারত দীর্ঘদিন থেকে দূতিয়ালি চালালেও এ ইস্যুতে নিষেধাজ্ঞা থেকে দিল্লিকে ছাড় দেওয়া হবে না বলে আগেই সতর্ক করেছিল ট্রাম্প প্রশাসন। তা সত্ত্বেও মার্কিন হুঁশিয়ারি অগ্রাহ্য করে ৫০০ কোটি ডলারের এই চুক্তি স্বাক্ষর করে দিল্লি। এদিন প্রতিরক্ষাসহ ২০টি বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত। মূলত এর পাল্টা পদক্ষেপ হিসেবেই চীনের কাছ থেকে উচ্চ ক্ষমতার এসব ড্রোন সংগ্রহের উদ্যাগ নিলো ইসলামাবাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন