
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান যে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল এ কথা আন্তর্জাতিক দেশগুলি ওয়াকিবহাল। তবে এবার খোঁজ মিলল পাকিস্তানের ৯৩টি মাদ্রাসার, যেখানে রয়েছে জঙ্গি-যোগ । জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার একেবারে স্পষ্ট প্রমাণ এসেছে পাক গোয়েন্দাদের হাতে। আর এরপরেই টনক নড়েছে পাকিস্তান সরকারের। ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সেনা ও প্রশাসন । দেশটির সিন্ধু প্রদেশে খোঁজ মিলেছে এইসব মাদ্রাসাগুলির। এখানে পঠন-পাঠনের নাম করে জঙ্গি দলে নাম লেখানোর জন্য চলে মগজ ধোলাই। যদিও এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়। পাকিস্তানের বাইরেও মাদ্রাসায় জঙ্গি যোগের বহু প্রমাণ মিলেছে একাধিকবার ।
সূত্রে জানা গেছে, এই ঘটনায় বেশ উদ্বিগ্ন সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে তিনি একটি বৈঠকও ডেকেছেন নিজের বাড়িতে । সেখানে উপস্থিত ছিলেন রেঞ্জার্স ডিরেক্টর-জেনারেল মেজর বিলাল আকবর। পুলিশ ও সেনাকে ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এদিনের বৈঠকে তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। আমরা কোনও সাধারণ মানুষের রক্ত ঝরতে দিতে পারি না। ’ এইসব মাদ্রাসার সম্পর্কে সব রেকর্ড নথিভুক্ত করতে বলেন তিনি। এরপরই মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ।