
আন্তর্জাতিক ডেস্কঃ হাইতির পোর্ত দে পাইক্স বন্দরের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে অনুভূত হওয়া এ ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পে একটি হাসপাতাল ও অডিটোরিয়াম ধসে পড়েছে। এসব জায়গায় উদ্ধার অভিযান চলছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পোর্ত দে পাইক্স বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে শনিবার ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১১.৭ কিলোমিটার। ১১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করে হাইতি সরকারের মুখপাত্র এডি জ্যাকসন অ্যালেক্সিস জানান, একটি দুর্যোগ মোকাবিলাকারী টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ২০১০ সালে হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্পে কয়েক হাজার মানুষের প্রাণহানির পর থেকে শনিবারের ভূকম্পনটি ছিল সবচেয়ে শক্তিশালী।