News71.com
 International
 07 Oct 18, 04:38 AM
 277           
 0
 07 Oct 18, 04:38 AM

ভারতে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা

ভারতে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা
আন্তর্জাতিক ডেস্কঃ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করল ভারতের জাতীয় নির্বাচন কমিশন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মিজোরামে ভোটের দিন ঘোষণা করা হয়েছে। দিল্লিতে আজ শনিবার এই ঘোষণা দেন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। ঘোষণায় তিনি জানান, তেলেঙ্গানায় বিধানসভায় ভেঙে দেওয়া হয়েছে বলে সেখানেও ভোট হবে। এর মধ্যে শুধু ছত্তিশগড়েই দু’দফায় ভোট হবে। বাকি জায়গায় এক দফায় ভোট হবে। ১২ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ১১ ডিসেম্বর। নির্বাচনের ঘোষণা অনুযায়ী, সবার আগে নির্বাচন হবে ছত্তিশগড়ে। প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর। প্রথম দফায় ১৮টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। আর দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। দ্বিতীয় দফায় নির্বাচন হবে ৭২টি বিধানসভা কেন্দ্রে। নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীর নাম দাখিলের শেষ তারিখ ১৬ অক্টোবর। প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৩ অক্টোবর ও দ্বিতীয় দফার ক্ষেত্রে ২৬ অক্টোবর। এদিকে, মধ্যপ্রদেশে ভোট হবে ২৮ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৭ নভেম্বর আর প্রত্যাহারের শেষ তারিখ ১৪ নভেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩০টি বিধানসভা কেন্দ্রে। রাজস্থান আর তেলেঙ্গানায় ভোট হবে ৭ ডিসেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১২ নভেম্বর আর প্রত্যাহারের শেষ তারিখ ২২ নভেম্বর। মিজোরামে ভোট হবে ২৮ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৭ নভেম্বর আর প্রত্যাহারের শেষ তারিখ ১৪ নভেম্বর।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন