
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও প্রলঙ্কারী সুনামিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে জাতিসংঘ। এজন্য আগামী তিন মাস জাতিসংঘ ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে কাজ করে তাদের কৌশলগত সহায়তা প্রদান করবে। গত ২৮ সেপ্টেম্বর রাতে ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপের ৭.৪ মাত্রা ভূমিকম্পের পর প্রায় ১০ ফিট উচ্চতার সুনামি দেখা দেয়। এই ঘটনায় প্রায় ১৯১০০০ লোক ক্ষতিগ্রস্ত হয়। এরপর শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এই সহায়তার ঘোষণা দেন। এই সপ্তাহের শুরুতেই জাতিসংঘ বলেছিল, তারা এসব ভুক্তভোগীর জন্য দেড় কোটি ডলার বরাদ্দ করেছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা অনুমান করছে, এই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭১ জন। আর জাতিসংঘ বলেছে, ওখানে ২৫০০ মানুষ আহত হয়েছে। জাতিসংঘ তার সর্বশেষ ঘোষণা বলেছে, সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে চায়। জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আনিতা নিরোদি বলেন, ভূমিধস ও অবকাঠামোগত ক্ষতির কারণে পালু ও গোঙ্গগালার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ওই অঞ্চলে ত্রাণ কার্যক্রম চালানো অনেক কঠিন হয়ে পড়ে। নিরোদি বলেন, শুধু তাৎক্ষণিক ত্রাণই নয়, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই সহায়তা ব্যবহার করা হবে।