News71.com
 International
 06 Oct 18, 05:44 AM
 250           
 0
 06 Oct 18, 05:44 AM

রোহিঙ্গা সংকট সমাধানে মঙ্গলবার অং সান সু চি ও শিনজো অ্যাবে’র বৈঠক  

রোহিঙ্গা সংকট সমাধানে মঙ্গলবার অং সান সু চি ও শিনজো অ্যাবে’র বৈঠক   

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি আগামী মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক করবেন। দশম মেকং-জাপান সম্মেলনের পার্শ্ব বৈঠক হিসেবে টোকিওতে এই দুই নেতা সাক্ষাৎ করবেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। উভয় নেতা মিয়ানমারের উন্নয়ন ও গণতন্ত্রায়নে জাপানের ভূমিকা নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে তারা রাখাইনে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলবেন।

২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা ৭ লাখের বেশি রোহিঙ্গা নাগরিকদের নিরাপদে রাখাইনে ফিরিয়ে নেওয়ার জন্য আর্থিক সহযোগিতা দিচ্ছে জাপান। জুলাই মাসে জাপান মিয়ানমারকে ২.৯ মিলিয়ন ডলার জরুরি সহযোগিতা দেয়। বাংলাদেশ থেকে ফিরে আসা রোহিঙ্গাদের জন্য এই সহযোগিতা দেওয়া হয়। আজ শুক্রবার সকালে জাপানে উদ্দেশ্যে রওনা দেন সু চি। আগামীকাল শনিবার ফুকুশিমাতে একটি খামার পরিদর্শন করবেন তিনি। সোমবার তিনি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশ এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মিয়ানমার ছাড়া এবার মেকং-জাপান সম্মেলনে যোগ দিচ্ছে কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন