
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে চায় না চীন। তাই তাকে সরাতে বেইজিং কাজ করে যাচ্ছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। স্থানীয় সময় আজ শুত্রুবার সকালে ওয়াশিংটন ডিসি’তে দ্য হাডসন ইনস্টিটিউটে চীনের বিষয়ে প্রশাসনের নীতি সম্পর্কে ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে তিনি একথা জানান। মাইক পেন্স বলেন, আমেরিকান ব্যবসা-বাণিজ্য, মুভি স্টুডিও, বিশ্ববিদ্যালয়, থিংক ট্যাংক, বিশেষজ্ঞ, সাংবাদিক এবং স্থানীয়, প্রাদেশিক ও কেন্দ্রীয় দপ্তরগুলোর ওপর ইতোমধ্যে প্রভাব বিস্তার করে ফেলেছে চীনা কমিউনিস্ট পার্টি। তিনি বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ২০১৮ সালের (মধ্যবর্তী) নির্বাচন এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন অর্থাৎ আমেরিকান জনগণের মতামতের ওপর প্রভাব বিস্তার করতে নজিরবিহীন প্রচেষ্টা চালাতে শুরু করেছে। তার মানে এটা স্পষ্ট যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব সফল আর তাই চীন ভিন্ন একটি আমেরিকান প্রেসিডেন্ট চায়।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, কোনও সন্দেহ নেই যে আমেরিকার গণতন্ত্রে হস্তক্ষেপ করছে চীন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথা বলেছেন, তারই সুর ধরে বলতে চাই, আমাদের আসন্ন (মধ্যবর্তী) নির্বাচনে হস্তক্ষেপ করার প্রচেষ্টা চালাচ্ছে চীন। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মতে, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে বিভাজন তৈরি করতে প্রাদেশিক দপ্তরগুলোকে কাজে লাগাতে চায় চীন। তারা তাদের রাজনৈতিক প্রভাব বিস্তারে বাণিজ্য শুল্কের মতো বিষয়গুলো ব্যবহার করছে। তিনি আরও বলেন, চীন আমাদের ইন্ডাস্ট্রি ও অঙ্গরাজ্যগুলোর ওপর শুল্ক আরোপের জন্য যে দিন নির্ধারণ করেছে, সেটি আসন্ন নির্বাচনে বড় একটি ভূমিকা পালন করবে। এছাড়া তারা সরাসরি আমেরিকান ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে।