
আন্তর্জাতিক ডেস্কঃ বার বার দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার বিমান৷ এবার মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্ট ভেঙ্গে পড়ে বাগপতে৷ আজ শুক্রবার উত্তরপ্রদেশের এই এলাকায় বায়ুসেনার বিমানটি ভেঙ্গে পড়ে বলে জানা গেছে৷ তবে ভিতরে থাকা দুজন পাইলটই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন৷ কোনও হতাহতের ঘটনা ঘটেনি৷ এর আগে গত ফেব্রুয়ারিতে অসমের মাজুলি এলাকায় এই মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্ট ভেঙে পড়েই দুই পাইলটের মৃত্যু হয়েছিল৷ তাঁরা উইঙ্ক কমান্ডার ব়্যাঙ্ক অফিসার ছিলেন৷ এবং তাঁদের নাম ছিল উইং কমান্ডার জয় পল জেমস এবং উইং কমান্ডার ডি ভাটস৷ তেজপুরের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল হর্ষবর্ধন পান্ডে এই তথ্য দিয়েছিলেন। চলতি বছরেই এমন বেশ কিছু দুর্ঘটনা ঘটে৷ যেমন, ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার চেতক চপারটি৷ তামিলনাড়ুর আরাক্কোনমের আইএনএস রাজালিতে এই দুর্ঘটনা ঘটে৷ প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা বলে জানা যায়৷ তবে এর ভিতরে থাকা সকলেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন৷
এর আগে, গত ৪ সেপ্টেম্বর ইন্ডিয়ান এয়ারফোর্সের মিগ ২৭ বিমান যোধপুরের কাছে ভেঙে পড়ে৷ যোধপুরের দেবারিয়ায় এই দুর্ঘটনা ঘটে৷ বিমানের পাইলট সুরক্ষিত বেরিয়ে আসেন৷ সে সময় এই বিমানে আগুন লেগে গিয়ে ভারসাম্য হারিয়ে সেটি ভেঙে পড়েছিল বলে জানা গিয়েছিল৷ প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন অন্যান্য সেনা আধিকারিকরা৷ কিন্তু কেন এমন বড়সড় একটা দুর্ঘটনা ঘটে গেল সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তদন্তে নেমেছিলেন সেনা আধিকারিকরা৷