News71.com
 International
 03 Oct 18, 01:18 PM
 256           
 0
 03 Oct 18, 01:18 PM

গত এক বছরেই যুক্তরাষ্ট্রে ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে ফ্লু ভাইরাসে

গত এক বছরেই যুক্তরাষ্ট্রে ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে ফ্লু ভাইরাসে

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্লু ভাইরাসে আমেরিকায় গত এক বছরে ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদের ৯০ শতাংশই ছিলেন ৬৫ বছরের বেশি বয়সের। তাই বয়স্কদের অবশ্যই ফ্লু শট বা ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দিয়েছে আমেরিকার স্বাস্থ্য বিভাগ। গত বছরের (২০১৭-২০১৮) মতো ফ্লুতে মৃত্যুর ঘটনা আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে আর ঘটেনি। এবার মৌসুমের শুরুতেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফ্লু শট বা ফ্লু ভ্যাক্সিন নিয়ে মৃত্যু ঝুঁকি ৪০ শতাংশ কমানো যেতে পারে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শীত মৌসুমে ফ্লু হয়ে থাকে। জ্বর, সর্দি, মাথা ব্যথা, শরীরে ব্যথা দিয়ে ফ্লু শুরু হয়। দুর্বল শরীরে ভাইরাস সহজেই কাবু করে নানা জটিলতার সৃষ্টি করে । বয়স্ক ও শিশুদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। ভ্যাক্সিন বা টিকা নেওয়ার পর পুরো ঝুঁকিমুক্ত না হলেও ফ্লু সংক্রান্ত শারীরিক জটিলতা থেকে রক্ষা পাওয়া যায় বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে। গত বছর মারা যাওয়া ৮০ হাজারের মধ্যে ১৮০ জন শিশু বা কিশোর ছিল বলে আমেরিকার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

আমেরিকায় সাধারণ জনপদে একটি কথা প্রায়ই শোনা যায়, ফ্লু শটের কারণেই ফ্লু হয়ে থাকে। এ প্রচারণাকে অমূলক উল্লেখ করে বলা হয়েছে, জনগণ যেন প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অবহেলা না করে এবং বিভ্রান্ত না হয়। সারা বছরই ফ্লু রোগ হলেও শীত মৌসুমে তা অনেকটাই মহামারি হয়ে উঠতে পারে। যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বা ফার্মেসিতে গিয়ে ফ্লু শট দেওয়া যায়। যাদের স্বাস্থ্য বিমা নেই, তারাও মাত্র ১০ ডলারে ফার্মেসি থেকে ফ্লু শট নিতে পারেন। অপেক্ষা না করে মৌসুমের শুরুতেই ফ্লু শট নেওয়ার জন্য ফাউন্ডেশন ফর ইনফেকশাস ডিজিজ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। ২০০৯ ও ২০১০ সালের বসন্তকালে আমেরিকায় সর্বত্র ভিন্নধর্মী এক ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়ে। সোয়াইন ফ্লু নামের ওই ভাইরাসে প্রায় ১২ হাজার আমেরিকার নাগরিকের মৃত্যু ঘটে। বিদেশ থেকে আসা সোয়াইন ফ্লু মহামারি হয়ে উঠেছিল এবং সর্বত্র ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল। ২০১১ সালের দিকে মার্কিন স্বাস্থ্য বিভাগ এ মহামারি থেকে জনগণকে রক্ষা করতে সক্ষম হয়। আমেরিকায় শীত মৌসুমে চার ধরনের ফ্লু ভাইরাস দেখা যায়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, H3N2 ভাইরাসটি সবচেয়ে মরণঘাতী। ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইনফেকশাস ডিজিজ জানিয়েছে, ফ্লু শট বা আগাম নেওয়া ভ্যাক্সিনেশন গত বছর ৪০ শতাংশ কার্যকর ছিল। এ ভ্যাকসিনটি বছরে বছরে বিভিন্ন হারে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ২০১০ সালে জনস্বাস্থ্যে ফ্লু শট ৬০ শতাংশ কার্যকর ছিল। যদিও ২০১৪-২০১৫ সালে ফ্লু শট আমেরিকার জনস্বাস্থ্যে মাত্র ১৯ শতাংশ কাজ করেছে । ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইনফেকশাস ডিজিজ বলেছে, ফ্লু শট এবারে কতটা কাজ করবে তা আগাম বলা অসম্ভব। ফ্লুর প্রাদুর্ভাব দেখে, ভাইরাস শনাক্ত করে ভ্যাক্সিন প্রস্তুত করা হয়। বছরের চাহিদা অনুযায়ী ভ্যাক্সিন উৎপাদন করতে ওষুধ কোম্পানির আনুমানিক ছয় মাস সময় লেগে যায়। উৎপাদনকারীরা ফেব্রুয়ারি মাসে চলতি বছরে কী ধরনের ভাইরাস ছড়াচ্ছে তা দেখে উৎপাদন শুরু করে। চলমান বছরের উৎপাদন হওয়া ফ্লু শট জনসাধারণের কাছে পৌঁছতে থাকে সেপ্টেম্বর থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন