News71.com
 International
 03 Oct 18, 01:11 PM
 169           
 0
 03 Oct 18, 01:11 PM

ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ  

ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ। আজ বুধবার রাষ্ট্রপতি ভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সদ্য সাবেক দীপক মিশ্রের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আসামের মানুষ হিসেবে তিনিই প্রথম প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন। সপ্তাহ খানেক আগেই প্রধান বিচারপতি পদে অব্যাহতি চেয়ে সরকারের কাছে উত্তরসূরি হিসেবে বিচারপতি রঞ্জন গগৈ-এর নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। গতকাল মঙ্গলবার ছিল দীপক মিশ্রের শেষ কাজের দিন। তবে দিনটি জাতীয় ছুটির দিন হওয়ায়, ১ অক্টোবরই অবসর নিয়েছেন বিচারপতি দীপক মিশ্র। আজ বুধবার নতুন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর শপথপাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, এইচডি দেবেগৌড়া-সহ আরও অনেকে।


রঞ্জন গগৈ প্রধান বিচারপতি হওয়ায় ইতিহাসের পাতায় ঢুকে পড়ল উত্তরপূর্ব ভারতও। এই প্রথম প্রধান বিচারপতি হলেন দেশের এই অঞ্চলের কোনও ব্যক্তি। তেরো মাস এই পদে থাকবেন আসামের রঞ্জন গগৈ। সামনের বছর নভেম্বরে অবসর নেওয়ার কথা তার। ১৯৭৮ সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছিলেন গগৈ। ২০০১ সালে গুয়াহাটি আদালতের বিচারপতি পদে উন্নীত হন তিনি। এর দশ বছর পরে পঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন গগৈ। ২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদের দায়িত্ব নেন। ৬৪ বছরের মৃদুভাষী ও কড়া আইনজীবী হিসেবেই তিনি পরিচিত। ২০১৯ সালে ১৭ নভেম্বর পর্যন্ত প্রধানবিচারপতি পদে মেয়াদ থাকছে রঞ্জন গগৈ-এর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন