
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর কলকাতার নাগেরবাজার এলাকার একটি বহুতল ভবনের সামনে বোমা বিস্ফোরণে বিভাস ঘোষ নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। এছাড়া শিশুটির মা সহ আহত হয়েছেন আরও ৯জন। আজ মঙ্গলবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিক বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জানা গেছে, বহুতল ভবনটির নিচে একটি ফলের দোকানে বিস্ফোরণ ঘটে ।
পুলিশ কমিশনার রাজেশ কুমার সিং বলেন, কম ক্ষমতাসম্পন্ন সকেট বোমার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে আশপাশের বাড়িঘরের দরজা-জানালার কাচ ভেঙে যায়। বিস্ফোরণের সময় শিশুটি তার মায়ের সঙ্গে ফলের দোকানের সামনে ছিল ।
ঘটনার পর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে বিভাসের মৃত্যু হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে বোমা স্কোয়াড ও সিআইডির দল যায়। তারা বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে। বিস্ফোরণ হওয়া ভবনের পাশেই দক্ষিণ দম দম পৌরসভার চেয়ারম্যানের পাঁচু রায়ের কার্যালয়। তিনি অভিযোগ করেছেন, তাকে লক্ষ্য করেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে ।