
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় ট্রমির আঘাতে অন্তত পাঁচ জন আহত হয়েছে। আজ শনিবার এই ঘটনা ঘটে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন,ঘণ্টায় সর্বোচ্চ ২১৬ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি সপ্তাহ ধরেই জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে বয়ে যাবে। এটি আগামী রবিবার সকালে মূল ভূখণ্ডে আঘাত হানবে এবং এর প্রভাবে আগামী সোমবার দেশজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। জানায় গেছে,প্রায় ৬০০ লোককে ওকিনাওয়া থেকে সরিয়ে আশ্রয় শিবিরগুলোতে নেয়া হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ১ লাখ ২১ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাপানের পশ্চিমাঞ্চলে অন্তত ৩৮৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দ্বীপটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের কর্মকর্তা মোতোকি মিনেই বলেন,আমরা এখনো খবর সংগ্রহ করছি। হতাহতের সংখ্যা বাড়তে পারে। আবহাওয়া সংস্থা মানুষকে শক্তিশালী দমকা বাতাস,উঁচু ঢেউ,ভারী বৃষ্টিপাতের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য,মাত্র কিছুদিন আগে জাপানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় জেবি আঘাত হানে।