
আন্তর্জাতিক ডেস্কঃ সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিজের মনোনীত প্রার্থী ব্রেট কাভানাহর বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ নিয়ে এফবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্দেশ দেওয়ার আগে গতকাল শুক্রবার কাভানাহর পক্ষে ভোট দিয়েছে সিনেট কমিটি। মোট ১১ ভোট পেয়ে সিনেট কমিটির কাছ থেকে অনুমোদন পেয়েছে কাভানহর মনোনয়ন। তার বিপক্ষে পড়েছে ১০ ভোট। ভোটদানের সময় একজন ডেমোক্র্যাট কক্ষ ত্যাগ করেন।
এদিকে,কাভানহর নিয়োগের বিষয়ে সিনেট প্যানেল অনুমোদন দিলেও উদারপন্থী রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেইক বিচারকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ গোয়েন্দা সংস্থা এফবিআইকে তদন্তের আহবান জানিয়েছেন। যার ফলে কাভানাহর মনোনয়ন নিয়ে সিনেটে চূড়ান্ত ভোট এক সপ্তাহের বেশি সময় পিছিয়ে দেওয়া গেছে। আরেক রিপাবলিকান লিসা মারকুস্কিও ফ্লেইকের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। প্রসঙ্গত,কাভানাহর বিরুদ্ধে সর্বমোট তিনজন নারী যৌন হামলার অভিযোগ এনেছেন। কাভানাহ সকল অভিযোগ অস্বীকার করেছেন। কাভানাহর বিরুদ্ধে তিন জনের একজন হচ্ছেন ক্যালিফোর্নিয়ার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্রিস্টিন ব্লেজি ফোর্ড। বৃহস্পতিবার সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে অভিযোগ নিয়ে তিনি ও কাভানাহ সাক্ষ্য দিয়েছেন।