
নিউজ ডেস্কঃ সবকিছু ঠিক মতো হলে ভারত ও বাংলাদেশের সীমানায় গড়ে উঠবে ত্রিপুরার আগরতলা বিমানবন্দর । ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, সেটি হবে বিশ্বমানের বিমানবন্দর। আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মহাকরণে এ কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব । তিনি আরও বলেন, দু’দেশের জমি নিয়েই নির্মাণ করা হবে আগরতলা বিমানবন্দর । যদিও তা এখনও পরিকল্পনা স্তরে রয়েছে। আগরতলা বিমানবন্দরের সীমানা থেকে মাত্র ১০০গজ দূরে বাংলাদেশ সীমান্তের কাঁটা তারের বেড়া। তাই ত্রিপুরা সরকার ভারত সরকারকে প্রস্তাব পাঠিয়েছে যে এই বিমানবন্দরকে বাংলাদেশের জমি পর্যন্ত নিয়ে যাওয়ার এবং বাংলাদেশের দিকে একটি টার্মিনাল ভবন নির্মাণ করা যায় তবে বাংলাদেশের যাত্রীরা সরাসরি বিমানবন্দরে প্রবেশ করে ভারতের অন্য রাজ্য চলে যেতে পারবেন ।
বিমানবন্দরের টার্মিনাল ভবনের মধ্যেই থাকবে উভয়দেশের ইমিগ্রেশনের ব্যবস্থা। এতে বাংলাদেশের মানুষের সময় কম লাগবে এবং দ্রুত ভারতে অন্য রাজ্যে যেতে পারবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। এতে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর জেলার মানুষের সুবিধা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কারণ তারা ত্রিপুরা হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন। এতে উভয়দেশের পক্ষে লাভবান হবে বলেও জানান তিনি ।
এটা কি বাস্তবে সম্ভব? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব অল্প সময়ে উভয় দেশের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। বিশেষ করে ছিটমহলের মতো দীর্ঘদিনের কঠিন সমস্যা এই দু’ প্রধানমন্ত্রী সমাধান করেছেন তাই তিনি আশাবাদী। কেননা এর ফলে উভয় দেশের অনেক সুবিধা হবে। এই সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা সরকার একটি প্রস্তাব বানিয়ে ভারত সরকারের কাছে দ্রুত পাঠানো হবে। এরপর উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রক পর্যায়ে বৈঠক করে উভয় দেশের নিয়ম কানুন মেনে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ।