
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে গতকাল বুধবার উচ্চ গতিসম্পন্ন রেললাইন উদ্বোধন করা হয়েছে। নতুন এ রেল ব্যবস্থায় দুই ঘণ্টার কম সময়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে। সড়কপথে এ যাত্রায় সময় লাগে এর দ্বিগুণেরও বেশি। ৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন এ ‘হারামাইন’ রেলপথ ‘সৌদি ভিশন ২০৩০’ এর অন্যতম অংশ ।
ট্রেনটি জর্দানের রেড সিটি হয়ে মক্কা-মদিনা ছাড়াও জেদ্দা ও রাবিগ শহরের মধ্যেও দ্রুত যাতায়াত করবে। জেদ্দা ও মক্কার মধ্যে যাতায়াত করতে ২১ মিনিট লাগবে। মক্কার স্টেশনটি পবিত্র কাবা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে এবং মদিনা শহরের স্টেশন কিং আবদুল আজিজ রোডের নলেজ ইকোনমিক সিটিতে (কেইসি) অবস্থিত। মক্কা, মদিনা ও জেদ্দা সংযোগকারী এ ব্যবস্থায় মোট খরচ হয়েছে ৬০০ কোটি ডলার। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ রেল যোগাযোগ প্রকল্প ।
সৌদি যোগাযোগমন্ত্রী নাবিল আল-আমৌদি বলেন, ‘মক্কা ও মদিনার মধ্যে যোগাযোগ ব্যবস্থা এখন আগের অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ এবং দ্রুত হয়েছে।’ বছরে এ রেলপথে প্রায় ৬ কোটি লোক যাতায়াত করতে পারবে। বাণিজ্যিকভাবে এটি আগামী সপ্তাহ থেকে চালু হবে ।