
আন্তর্জাতিক ডেস্কঃ চীনে ছুরি নিয়ে হামলা চালিয়ে ৯ জন স্কুলশিশুকে হত্যা ও অপর ১২ জন স্কুলশিশুকে আহত করার দায়ে আজ বৃহস্পতিবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি স্কুলের বিরুদ্ধে আক্রোশবসত এ হামলা চালানো হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে গত জুলাই মাসে ঝাও জেয়েই নামের ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। সে শৈশবে ওই স্কুলেরই ছাত্র ছিল।
আদালত এর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঝাও জেউইয়ের কাজ ও ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দেয়ায় তার মনের মধ্যে থাকা পুঞ্জিভূত ক্ষোভ নিষ্পাপ শিশুদের ওপর মিটিয়েছে। এপ্রিল মাসে নাম্বার থ্রি মিডল স্কুলে এ হামলা চালানো হয়। এ সময় শিশুরা স্কুলে যাচ্ছিল। ঝাও পুলিশকে জানিয়েছে,সে ওই স্কুলে থাকাকালে তাকে তার সহপাঠীদের উৎপীড়ন ও ঘৃণার সম্মুখীন হতে হয়েছে। সে ওই স্কুলের উপর প্রতিশোধ নিতে ছুরি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়।