
আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানকে ৩৩ কোটি ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৭৭৫ কোটি ৩০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার দেশটির কাছে সামরিক সরঞ্জাম বিক্রির এ প্রস্তাব অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি’র পৃথক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, তাইওয়ানের কাছে এফ-১৬ জঙ্গিবিমান, সি-১৩০, এফ-৫, আইডিএফ জঙ্গিবিমান, বিভিন্ন আকাশযান সিস্টেম ও সাবসিস্টেম সরবরাহ করা হবে। এটি সামরিক সরঞ্জাম ক্রয়কারী দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাবে; যা মার্কিন পররাষ্ট্র নীতি ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে।
মার্কিন প্রতিরক্ষা দফতরের দাবি, তাইওয়ানকে বিপুল অঙ্কের এসব সামরিক সরঞ্জাম সরবরাহ করা হলেও তা ওই অঞ্চলের সামরিক ভারসাম্যকে বদলে দেবে না। বরং দেশটির ‘প্রতিরক্ষা ও বিমানবহর’ বজায় রাখতে এর প্রয়োজন রয়েছে। পেন্টাগনের তরফে মার্কিন কংগ্রেসকেও বিষয়টি অবহিত করা হয়েছে। মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাইওয়ানের প্রেসিডেন্টের দফতর বলেছে, নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখা হবে। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত চীনকে ক্ষুব্ধ করে তুলবে বলে প্রতীয়মান হচ্ছে। কেননা, তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে বেইজিং। আর এমন সময়ে এই সামরিক সরঞ্জাম বিক্রির খবর এলো যখন দৃশ্যত চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জোরদারের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরইমধ্যে একাধিক দফায় বাড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির ওপর শুল্কের পরিমাণ।