News71.com
 International
 26 Sep 18, 05:27 AM
 179           
 0
 26 Sep 18, 05:27 AM

তথ্য প্রযুক্তির অপব্যবহার বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তথ্য প্রযুক্তির অপব্যবহার বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ তথ্য প্রযুক্তির অপব্যবহার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। সন্ত্রাসী ও সহিংস উগ্রবাদীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের বিষাক্ত বক্তব্য প্রচার করছে। গতকাল মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষক ওই অনুষ্ঠানে তথ্য নিরাপত্তার জন্য নীতিমালা তৈরিতে জাতিসংঘের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাইবার জগতে সেই অর্থে কোনো সীমারেখা নেই। তথ্য-প্রযুক্তি নিরাপদ করার সামর্থ্য সব দেশের সমান নয়। তাই ডিজিটাল বিশ্ব নিরাপদ রাখতে কার্যকর ভূমিকা নিতে হবে জাতিসংঘকে।

প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো নিয়মিতভাবে সাইবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যিকার উৎস শনাক্ত করা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাইবার বিশ্বে জাতিসংঘের সদস্য দেশগুলোর দায়িত্বশীল আচরণের নীতিমালা ও মূলনীতি শর্তহীন সমর্থন পাওয়া উচিত বলেও মত দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তার সামর্থ্য বিনির্মাণে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে। উন্নয়ন সহযোগীদের এটিকে তাদের আন্তর্জাতিকভাবে নেওয়া অঙ্গীকারের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ সাইবার নিরাপত্তা ইকো সিস্টেম তৈরিতে কাজ করছে উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। একই সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়ে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের সম্মেলন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন