
আন্তর্জাতিক ডেস্কঃ স্বাধীনতাপন্থী একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলো হংকং। ২১ বছর আগে যুক্তরাজ্য শহরটির নিয়ন্ত্রণ চীনের হাতে ছেড়ে দেওয়ার পর প্রথমবারের মতো সেখানে হংকং ন্যাশনালিস্ট পার্টি নামের একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। চীন তার সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ছাড় না দেওয়ার ব্যাপারে জোরালো অবস্থান নেওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে হংকং। ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে হস্তান্তর করে ব্রিটেন। চীনের অধীনস্ত হলেও সাবেক এই ব্রিটিশ উপনিবেশটির মৌলিক আইন সম্বলিত একটি সংবিধান রয়েছে, যার মাধ্যমে আধা সায়ত্ত্বশাসিত অঞ্চলটিতে কিছু সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়। গত অর্ধশতকের বেশি সময় ধরে চলা চীনের এক দেশ, দুই ব্যবস্থা নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ওই সংবিধান। তবে আধা-সায়ত্ত্বশাসিত অঞ্চল হংকং মত প্রকাশের স্বাধীনতাসহ কিছু বিষয়ে মূল ভূখণ্ডের চেয়ে অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা ভোগ করে থাকে। তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর অধীনে সেখানে দিনকে দিন ভিন্নমত দমনের প্রচেষ্টা জোরদার হচ্ছে। চলতি বছরের জুলাইয়ে হংকং ন্যাশনালিস্ট পার্টিকে (এইচকেএনপি) নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। দলটি চীন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন ভিয়েতনাম প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করে। দলটিতে খুব বেশি সদস্য না থাকলেও সংগঠনের সদস্যদের স্বাধীনতার জোরালো দাবির কারণে সেখানে দলটি খুবই সুপরিচিত। একে নিষিদ্ধ করার উদ্যোগ যুক্তরাজ্যসহ মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র সমালোচনার জন্ম দেয়। তারা সে সময় হংকং-এর অধিকারের সুরক্ষার পক্ষে জোরালো অবস্থান নেয়। তা সত্ত্বেও ওই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার উদ্যোগ চলমান থাকে।
জুলাইয়ে হংকং পুলিশের পক্ষ থেকে দ্য হংকং ন্যাশনাল পার্টি নামের ওই দলটি এবং এর প্রতিষ্ঠাতা আন্ডি চ্যান হো-তিনের ব্যাপারে তাদের নেতিবাচক অবস্থান স্পষ্ট করা হয়। সে সময় আন্ডি চ্যান হো-তিনের কাছে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের পাঠানো একটি চিঠিতে বলা হয়, কর্মকর্তাদের প্রত্যাশা জাতীয় নিরাপত্তা বা সুরক্ষা এবং জনগণের অধিকার ও স্বাধীনতার সুরক্ষার স্বার্থে দলটি বন্ধ করে দেওয়া উচিত। সেই ধারাবাহিকতায় আজ সোমবার হংকং-এর নিরাপত্তা অধিদফতর জানায়, তারা পুলিশের সুপারিশটি গ্রহণ করে সোসাইটিজ অধ্যাদেশের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করতে যাচ্ছে। ওই অধ্যাদেশে জাতীয় নিরাপত্তা ও জনরগণের সুরক্ষার প্রশ্নের বিবেচনায় কোনও গোষ্ঠী বা দলকে নিষিদ্ধ করার বিধান রয়েছে। সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নিরাপত্তা মন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়, আমি হংকং ন্যাশনাল পার্টির চলমান ও ভবিষ্যত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করছি’। দলটির নেতা অ্যান্ডি চান এ ব্যাপারে এক্ষুণি কোনও প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে। ২০১৬ সাল থেকে একটি স্বাধীন ও মুক্ত রিপাবলিক অব হংকং-এর লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করে তার দল দ্য হংকং ন্যাশনাল পার্টি। পার্টির প্রতিষ্ঠাতা ২৭ বছরের আন্ডি চ্যান হো-তিন ২০১৪ সালের গণতন্ত্রপন্থী অকুপাই সেন্ট্রাল আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ওই বছর থেকেই পার্লামেন্ট নির্বাচনে তার অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচনে জনগণের সরাসরি ভোটের ব্যবস্থা নেই। ১ হাজার ২০০ জনের একটি কমিটি এই ভোট দেওয়ার অধিকার পায়। কমিটি বেইজিংপন্থী হওয়ায় সব সময়ই তারা চীনের পছন্দের কাউকে হংকংয়ের প্রধান পদে দেখতে চায়। ২০১৭ সালে হংকং-এর ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধান নির্বাহীর পদে নির্বাচিত হন ক্যারি লাম। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যখন তাকে শপথ পড়াচ্ছিলেন তখন হংকংজুড়ে চলছিল গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ। বিক্ষোভকারীরা তাদের ভূখণ্ডে চীনা আধিপত্যের অবসান কামনা করেন। ২০১৪ সালে গড়ে উঠা আমব্রেলা নামের আন্দোলনে হংকংয়ের সংবিধান পরিবর্তনের আহ্বান জানানো হয়। ক্রমেই দানা বাঁধতে শুরু করে স্বাধিকারের স্বপ্ন। চীনের কর্তৃত্ব-বলয় থেকে বের হয়ে আসা যায়। আন্দোলনের সময় বিশ্বের অন্যতম বাণিজ্যিক রাজধানী হংকং কার্যত অচল হয়ে পড়েছিল। হংকংয়ের রাজনীতি-অর্থনীতিসহ যাবতীয় বিষয়ে চীন মাত্রাতিরিক্ত নাক গলাচ্ছে বলে অভিযোগ তুলেছিল আন্দোলনকারীরা। তবে চীন ওই আন্দোলন প্রত্যাখ্যান করে। এর ধারাবাহিকতায় এবার স্বাধীনতাকামী দ্য হংকং ন্যাশনাল পার্টি নিষিদ্ধের উদ্যোগ বাস্তবায়নের পথে হাঁটছে কর্তৃপক্ষ।