News71.com
 International
 24 Sep 18, 05:58 AM
 196           
 0
 24 Sep 18, 05:58 AM

বিদ্রোহীদের হামলায় গত একমাসেই পাঁচ শতাধিক আফগান সেনা নিহত  

বিদ্রোহীদের হামলায় গত একমাসেই পাঁচ শতাধিক আফগান সেনা নিহত   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে সশস্ত্র বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় গত এক মাসে ৫ শতাধিক আফগান সেনা নিহত হয়েছে। গতকাল রবিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী তারিক শাহ বাহরামি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এই তথ্য জানান। দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণ জানাতে নিরাপত্তার দায়িত্বে থাকা মন্ত্রীদের আইনপ্রণেতাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য তলব করার পর প্রতিরক্ষামন্ত্রী পার্লামেন্টের উচ্চকক্ষে এই তথ্য জানান। প্রতিরক্ষামন্ত্রী বলেন, লড়াই তীব্র হয়ে পড়েছে। এর ফলে দুই পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। তিনি সিনেটরদের বলেন, দুর্ভাগ্যজনক বিষয় হলো গত মাসে সেনাবাহিনীর ৫১৩ সদস্য নিহত, ৭১৮ জন আহত ও ৪৩ জনকে বন্দি হয়েছেন। কিন্তু শত্রুপক্ষের আরও চারগুণ বেশি ক্ষতি হয়েছে।

আফগানিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ওলেসি জিগরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির একটি পর্যালোচনা চাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রীকে তলব করা হলো। কারণ দেশটিতে সহিংসতা ও তালেবান হামলা বন্ধ করতে ওই চুক্তি ব্যর্থ হয়েছে বলে আইনপ্রণেতারা অভিযোগ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস আহমেদ বারমাক ওই চুক্তিকে সমর্থন করে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য প্রতিবেশি দেশগুলোকে দায়ী করেন। তিনি বলেন, স্বাভাবিকভাবেই অনেক দেশই মনে করে এই চুক্তি তাদের স্বার্থবিরোধী। গত মাসে সরকার ঘোষিত দ্বিতীয়বারের একতরফা অস্ত্রবিরতি প্রত্যাখ্যান করে তালেবান। তার পরিবর্তে তারা বিদেশি সেনা প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন