
আন্তর্জাতিক ডেস্কঃ দিনকয়েক আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতের একাংশ। গত ১২ সেপ্টেম্বর সেই ভূমিকম্পে কেঁপে ওঠে অসম সহ গোটা উত্তর-পূর্ব ভারত। কম্পন অনুভূত হয় কলকাতাতেও। আর সেই ভূমিকম্পের কিছুদিন পরই অসমে আচমকা জেগে উঠল এক জলাধার। রহস্যজনক ভাবে মাট ফুঁড়ে বেরিয়ে আসছে জল। সম্প্রতি এমন দৃশ্যই দেখা গিয়েছে অসমের কোকরাঝাড়ে। পুরো বিষয়টা খতিয়ে দেখতে আবেদন করা হয়েছে ভূতত্ত্ববিদদের।
১২ তারিখে ৫.৫ মাত্রা ভূমিকম্প হয়েছিল অসমে। তীব্রতা এতটাই বেশি মাত্রায় অনুভূত হয় যে, তারপর আফটার শকও অনুভূত হয় সেখানে। সেই কম্পনের ঘোর কাটতেই স্থানীয় বাসিন্দারা দেখেন, কোকরাঝাড়ের চৌতারা বিলের কাছে জেগের উঠছে একটি জলাশয়। খবর পেয়েই সেদিকে ছুটে যান বহু মানুষ। সকলেই সেই দৃশ্য দেখে চমকে গিয়েছে। তবে কি আসতে চলেছে আরও বড় কোনও বিপর্যয়? এখন সেই আশঙ্কাতেই ভুগছেন সবাই। এদিনের কম্পনে অসমের শক্তি আশ্রমের কাছে রাধা-গোবিন্দ মন্দিরে ফাটল দেখা গিয়েছে। বোরোল্যান্ড ইউনিভার্সিটিতেও ফাটল দেখা গিয়েছে। সরকারি আধিকারিকদের ঘটনাস্থলে আসতে অনুরোধ জানাচ্ছেন স্থানীয়রা। এটা কোনোভাবেই সাধারণ ঘটনা নয় বলেই মনে করছেন তাঁরা।