
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের অর্থনীতি কার্যত তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় সৌদি ব্যাংক বলে পরিচিত ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) থেকে ৪০০ কোটি ডলারের বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান। এমনটাই ইসলামাদের দুই সরকারি আধিকারিক জানিয়েছেন। যদিও পুরো বিষয়টি এখনও আলোচনার স্তরেই রয়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে কয়েক দফায় প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আলোচনা সেরেছেন বলে জানা গিয়েছে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সবদিক খতিয়ে দেখছেন অর্থমন্ত্রীও। তবে কাগজপত্র সব তৈরি হয়ে গিয়েছে বলেই জানাচ্ছেন সে দেশের আধিকারিকরা।
ওই ঋণ চলতি অর্থবছরে পাকিস্তানের অন্তত আড়াই হাজার কোটি ডলারের আর্থিক ঘাটতি মেটাতে না পারলেও সেটা গুরুত্বপূর্ণ অবদান’ রাখবে বলে মনে করেন পাকিস্তানের সরকারি আধিকারিকরা। যদিও ইতিমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ১২০০ কোটি ডলার ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান। তবে তার জন্য আগে চিন থেকে নেওয়া আর্থিক সহযোগিতার যাবতীয় তথ্য সরবরাহ করতে হবে পাকিস্তানকে। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে বড় চ্যালেঞ্জ এখন দেশের অর্থনীতিকে নতুন করে চাঙ্গা করে তোলা। এজন্যে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। খরচ কমানো থেকে, বিলাসবহুল যাত্রায় নিষেধাজ্ঞা থেকে গাড়ি বিক্রি একের পর এক পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে এবার আরও সাহসী সিদ্ধান্ত নিতে সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি।