
এবার হাইড্রোজেনেই চলছে ট্রেন। বিশ্বের প্রথম এই হাইড্রোজেনচালিত ট্রেন জার্মানিতে চালু হয়েছে। গতকাল মঙ্গলবার উত্তর জার্মানির কুক্সহাফেন, ব্রেমারহাফেন, ব্রেমারফোয়ারডে ও বুক্সটেহুডে শহরের ১০০ কিলোমিটার পথে উজ্জ্বল নীলাভ ট্রেনটি যাত্রা শুরু করে। ভবিষ্যতে এ ধরনের ট্রেন এখনকার ডিজেল চালিত ট্রেনের বিকল্প হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ডিজেলচালিত ট্রেন অপেক্ষাকৃত সস্তা হলেও তা পরিবেশদূষণ ঘটায়। সেদিক থেকে হাইড্রোজেন ট্রেন অনেক বেশি পরিবেশবান্ধব। এ ধরনের ট্রেনে একটি হাইড্রোজেন ট্যাংক থাকে। আর ছাদে থাকে জ্বালানি কোষ। অক্সিজেন ও হাইড্রোজেনের সংমিশ্রণ ঘটিয়ে উৎপাদন করা হয় বিদ্যুৎ। অতিরিক্ত জ্বালানি সংরক্ষণ করা হয় ব্যাটারিতে। একবার জ্বালানি নিয়ে ট্রেনটি এক হাজার কিলোমিটার চলতে পারে। ছুটতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে।
ফরাসি সংস্থা আলস্টম এই ট্রেনটি তৈরি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আলস্টমের প্রধান নির্বাহী কর্মকর্তা হেনরি পোপোর্ট-লাফার্জ বলেন, এখন থেকে বাণিজ্যিক সেবা শুরু করল বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রেন। এর নিয়মিত উৎপাদনের জন্য আমরা প্রস্তুত আছি। আলস্টমের প্রকল্প ব্যবস্থাপক স্টেফান শরাঙ্ক বলেন, এ কথা ঠিক যে ডিজেল ইঞ্জিনের চেয়ে হাইড্রোজেন ইঞ্জিনের দাম বেশি। তবে এর পরিচালনা খরচ তুলনামূলকভাবে অনেক কম।দূষণ নিয়ন্ত্রণে ২০২২ সালের মধ্যে হাইড্রোজেন ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। এ ছাড়া ব্রিটেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, ইতালি, কানাডাসহ আরো কয়েকটি দেশ এ বিষয়ে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন আলস্টমের এক কর্মকর্তা।