
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা ক্যান্টনমেন্টে দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান। আজ সোমবার দিনের আলো ফোটার আগেই এ ঘটনা সংঘটিত হয়। জানা গেছে, হাবিলদার হারদীপ সিং ও নায়েক হারপাল সিং-কে সিপাহী জাসভির সিং নিজের আইএনএসএএস রাইফেল থেকে গুলি করে হত্যা করেন। পরে নিজেই নিজেকে গুলি করেন। কাংরা পুলিশ জানিয়েছে, রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের সবাই ১৮ শিখ রেজিমেন্টের সদস্য।
দেড় বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন জাসভির সিং। আর হারদীপ সিং ২৩ বছর ও হারপাল সিং ১৮ বছর ধরে সেনাবাহিনীতে নিয়োজিত ছিলেন। পুলিশ বলছে, এ হত্যাকাণ্ডের পেছনে উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি। সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও কাংরা পুলিশের কর্মকর্তারা এ নিয়ে তদন্ত চালাচ্ছেন। সেনা সদস্যদের মৃতদেহগুলো নিজেদের হিফাজতে নিয়েছে কাংরা পুলিশ। আজ সোমবার সন্ধ্যার দিকে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।