
আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের মঞ্চে ‘মত্ত’ অবস্থায় ভাষণ দিতে দেখা গেছে পাকিস্তানের হাইকমিশনার শাহাবজাদা আহমেদ খানকে। অভিযোগ, সেই অনুষ্ঠানে অসংলগ্ন আচরণ করেছেন তিনি। পাকিস্তানের তারকারা ওই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।জানাগেছে গত ৯ সেপ্টেম্বর ‘ইন্টারন্যাশনাল পাকিস্তান প্রেস্টিজ অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ‘মত্ত’ অবস্থায় ভাষণ দিতে দেখা গেছে ইংল্যান্ডে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে। একই মঞ্চে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাংস্কৃতিক জগতের খ্যাতনামা অনেকে। সেখানে হালকা মেজাজে কথা বলতে দেখা যায় শাহেবজাদাকে। অনুষ্ঠানে উপস্থিত অন্য পাকিস্তানি সেলেব্রিটিদের মঞ্চে ডাকতেও দেখা যায় তাঁকে। তাঁর এই অবস্থা দেখে হাসছিলেন দর্শকরাও ।
এদিকে, পাকিস্তানি হাই কমিশনারের ওই ভাষণের ভিডিও প্রকাশিত হওয়া মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিদেশের মাটিতে পাকিস্তানের মর্যাদা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। এই পরিপ্রেক্ষিতে এক টুইট বার্তায় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, শাহাবজাদা আহমেদ খানকে ইংল্যান্ড থেকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁকে কারণ দর্শানোর নির্দেশও দিয়েছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ।