
আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকো সিটিতে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। ওই বন্দুকধারীরা ঐতিহ্যবাহী মারিয়াচি গানের দলের মত পোশাক পরে হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছে, পর্যটকদের কাছে জনপ্রিয় প্লাজা গ্যারিবল্ডির কাছে একটি সড়কে এলাপাতাড়ি গুলি করে বেশ কয়েকজনকে হত্যা করা হয়। হামলা শেষে মোটরসাইকেলে করে পালিয়ে গেছে বন্দুকধারীরা। কুখ্যাত তেপিতো জেলার সীমান্তে প্লাজা গ্যারিবল্ডি অবস্থিত। তেপিতো মাদক গ্যাংগুলোর আখড়া হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দু'জন ডাকাতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত আসামী ছিলেন। এক জন পর্যটক জানান, সব কিছুই স্বাভাবিক ছিল। সবাই খুব ভালো সময় কাটাচ্ছিল। ঠিক সে সময়ই গোলাগুলি শুরু হয়। তিনি বলেন, এখন মারিয়াচি দলকে কেউ বিশ্বাস করবে না। কারণ বন্দুকধারীরা মারিয়াচিদের মতো পোশাক পরেছিল।