News71.com
 International
 15 Sep 18, 06:54 PM
 328           
 0
 15 Sep 18, 06:54 PM

জার্মানি ও ইতালি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

জার্মানি ও ইতালি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা


আন্তর্জাতিক ডেস্কঃ ফের বিদেশ সফরে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্য বিনিয়োগ আনতেই তাঁর এই সফর বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। আগামীকাল রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে জার্মানির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখান থেকে ইতালির মিলানেও যাবেন বলে জানা গিয়েছে। দুই দেশেই সেখানকার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মমুখ্যমন্ত্রী মমতা। কেন তাঁরা বাংলায় আসবেন তা তাঁদের সামনে তুলে ধরবেন মমতা এবং প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিব। পশ্চিমবঙ্গের একটি বাণিজ্য প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাক্প্রস্তুতি হিসাবেই তিনি ইতালি এবং জার্মানিতে যাচ্ছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিবার প্রায় ৩৬-৩৭টি দেশের শিল্পপতি এবং বণিক সংগঠনের প্রতিনিধিরা যোগ দিয়ে থাকেন। তাঁরাও মুখ্যমন্ত্রীকে অনেক সময় আমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণ রক্ষা করতেই তাঁর এই বিদেশ সফর বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাঁর কথায়, আমরা যদি না যাই, তারা দুঃখ পায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজনেস সামিটের জন্য বছরে আমাদের একবার বাইরে যেতে হয়। রাজ্যের স্বার্থে, বাণিজ্যের স্বার্থে, বিনিয়োগের স্বার্থেই আমাদের বাইরে যেতে হয়। যদিও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বছরে ১৫-২০ বার বাইরে যান। তাঁদের নিজস্ব ফ্লাইট পর্যন্ত আছে। বাংলা এদিক থেকে গরিব বলতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি, বাইরে একটু কম যেতে। প্রয়োজন ছাড়া কখনই বিদেশে যাই না। তিনি জানান, বিজিপিএস একটা নিউ কনসেপ্ট। তাকে কেন্দ্র করে সাড়ে ৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। তার মধ্যে ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রসঙ্গত, শেষবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ইতালি এবং জার্মানি থেকে একটা বড় শিল্প প্রতিনিধিদল এসেছিলেন। তার মধ্যে ইতালির গভর্নরও ছিলেন। তাঁরা ইতালিতে যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন। ইতালিতে চর্ম ও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি খুবই উন্নত। এ রাজ্যেও চর্মশিল্পের খুব দ্রুত প্রসার ঘটছে। লখনউ থেকে চর্মশিল্প চলে আসছে বাংলায়। চর্মশিল্পে রাজ্য নাম্বার ওয়ান হতে চলেছে। রাজ্যের চর্মশিল্পে আরও বেশি করে বিনিয়োগের জন্য ইতালির শিল্পপতিদের কাছে আহ্বান জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অন্যদিকে, জার্মানিতে আবার ম্যানুফ্যাকচারিং শিল্প খুব উন্নত। গতবার জার্মানি থেকে শিল্পপতিদের একটি দল বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসেছিল। আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও সেখান থেকে প্রতিনিধিরা আসবেন বলে কথা দিয়েছেন। তাঁদের আমন্ত্রণ রক্ষা করতেই মুখ্যমন্ত্রী এক সঙ্গে দু’টি দেশে সফর করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন