
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৯ হাজার জনের বেশিতে গিয়ে দাঁড়িয়েছে,যা গত এক বছরের তুলনায় দুই হাজার বেশি। গতকাল শুক্রবার দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানায় । আগামী সোমবার বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন দিবসের ঠিক আগ মুহূর্তে এই প্রতিবেদনটি প্রকাশিত হলো। ওই দিনটিতে শতবর্ষী জাপানি নাগরিকদের পাশাপাশি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনেকে ও সম্মানিত করবেন বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় জানায়,চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত জাপানের বিভিন্ন এলাকায় বয়স্ক মানুষদের বিষয়ে জরিপ চালানো হয়। এতে দেখা যায়,গত বছরের তুলনায় দেশের মোট জনসংখ্যার মধ্যে শতবর্ষী মানুষের সংখ্যা দুই হাজার বৃদ্ধি পেয়ে ৬৯ হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ৮৮ শতাংশই নারী।