
আন্তর্জাতিক ডেস্কঃ কোরীয় উপদ্বীপে আরো অস্ত্র দিতে চলেছে যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্র আজ শনিবার নতুন করে দক্ষিণ কোরিয়ার কাছে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ফলে নতুন করে এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলা সংক্রান্ত আলোচনা স্থবির হয়ে পড়ার পর এ অনুমোদন দেয়া হলো। একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে পসিডন নামের ছয়টি সামুদ্রিক টহল বিমান কিনছে দক্ষিণ কোরিয়া, যার মূল্য ২ দশমিক ১ বিলিয়ন ডলার। অন্য একটি চুক্তির আওতায় ৫০ কোটি ১০ লাখ ডলার মূল্যের ৬৪টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির কথা রয়েছে।