
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগারে গতকাল সোমবার ভোরে ভারী অস্ত্রধারীরা হামলা চালিয়েছে। এতে ২ পুলিশ নিহত হয়েছে এবং ৯২ জন বন্দি আসামি পালিয়ে গেছে। গণমাধ্যমকে কারা কর্মকর্তারা জানিয়েছে, ২০ জন হামলাকারী চারটি গাড়িতে এসে রোমেউ গোনকালভেস আনরান্টেস কারাগারে এ হামলা চালায়। তারা প্রথমে ওয়াচটাওয়ারে গুলি করে এবং এরপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে কারাগারের সদর দরজা উড়িয়ে দেয়। এই হামলায় গুলিবিদ্ধ ২ পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় মারা যায়।
ব্রাজিলের পারাইবা রাজ্যের রাজধানী জোয়াও পেসোয়ার ওই সুরক্ষিত কারাগারটিতে ৬৮০ জন বন্দি আসামি ছিল। রাজ্যের কারাগার বিষয়ক সচিব বলেন, ভারী অস্ত্রধারী ওইসব হামলাকারীরা কারাগারের সদর দরজা ভেঙ্গে ফেলার পর পুলিশের সাথে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। এরপর তারা কারাগারে ঢুকে পড়ে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্কুল ও চিকিৎসাকেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়েছে।