News71.com
 International
 11 Sep 18, 05:29 AM
 313           
 0
 11 Sep 18, 05:29 AM

সুদানে প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ওমর

সুদানে প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ওমর

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী বাকরি হাসান সালেহসহ পুরো মন্ত্রিসভাকেই বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ওমর আল-বশির। একই সঙ্গে তিনি ছোট আকারের সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং মুতাজ মুসা আবদুল্লাহকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে সুদানের ক্ষমতাসীন দলের জরুরি সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। একসময়ের বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ সুদান কয়েক বছর ধরে মারাত্মক অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। উত্তর-পূর্ব আফ্রিকার দেশটিতে এ মুহূর্তে তীব্র বৈদেশিক মুদ্রার অভাব বিরাজ করছে। এক বছরে খাদ্যদ্রব্যের দাম দ্বিগুণ বৃদ্ধি পাওয়াসহ বর্তমানে ৬৫ শতাংশের মূল্যস্ফীতি নিয়ে ধুঁকছে দেশটির মানুষ। এ অবস্থায় বাকরি হাসান সালেহকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার এক বছরের মাথায় তাঁকে ও তাঁর মন্ত্রিসভাকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ওমর আল-বশির। সোমবার মধ্যরাতে ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস পার্টির শীর্ষ নেতারা এক জরুরি সভায় বসেন। সভায় সুদানের পুরো সরকারকে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভা শেষে প্রেসিডেন্ট বশিরের শীর্ষ উপদেষ্টা ফয়সাল হাসান ইব্রাহিম সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক দুরবস্থার সমাধান জরুরি। এ জন্য প্রেসিডেন্ট বশির সব পর্যায়ে সরকার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট অপেক্ষাকৃত ছোট ২১ সদস্যের মন্ত্রিসভা গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন।


জানা যায়, প্রেসিডেন্ট বশির মুতাজ মুসা আবদুল্লাহকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। তিনি বিদায়ী সরকারের সেচমন্ত্রী ছিলেন। তবে বিদায়ী প্রধানমন্ত্রী সালেহ আবদুল্লাহ প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবেন। একই সঙ্গে দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহামেদ ওসমান ইউসিফ কাবিরকে নিয়োগ দিয়েছেন বশির। নতুন প্রধানমন্ত্রী আবদুল্লাহ তাঁর মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করে দিয়েছেন। তবে তিনি কখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তা পরিষ্কার করা হয়নি। এর আগে গত রবিবার সকালে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছিল, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে প্রেসিডেন্ট ওমর আল-বশির সালেহর সরকারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নতুন সরকার গঠন করবেন এবং যাঁরা আবারও সুদানি জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার তৈরি করতে পারেন। মূলত চলতি বছরের এপ্রিলে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম ঘানদোর সুদানের অর্থনৈতিক সংকটের দিকটি প্রথমে সামনে নিয়ে আসেন। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে জানান, তহবিলের অভাবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফদের বেতন দিতে পারছেন না। এর এক দিন পরই বশির মন্ত্রিসভা থেকে ঘানদোরকে বরখাস্ত করেন এবং সংকট মোকাবেলায় নতুন সরকারকে ঢেলে সাজিয়েছিলেন। প্রসঙ্গত, ওমর আল-বশির ১৯৮৯ সালে সুদানের ক্ষমতায় আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন