
আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় দেড় লক্ষ পদ কাটছাঁট করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী৷ আগামী চার পাঁচ বছর ধরে এই পদের সংখ্যা কমানো হবে বলে জানানো হয়েছে৷ এক নির্দেশিকায় এমনই জানায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতীয় সেনাবাহিনীতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সেনাকর্মী রয়েছেন৷ সেই সংখ্যা কমিয়ে মেদহীন হতে চাইছে ভারতীয় সেনাবাহিনী। এজন্য প্রায় দেড় লক্ষ পদ সরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ এই মুহুর্তে ভারতীয় সেনার সংখ্যা প্রায় বারো লাখের কাছাকাছি৷ দ্রুত পদক্ষেপ ও সিদ্ধান্ত নিতে কিছু পদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বেশ কিছু পদ আলঙ্কারিক৷ অর্থাৎ তাঁদের সেই অর্থে কোনও কাজ নেই৷ কিছু পদ অতিরিক্ত৷ আবার একই কাজ করে বিভিন্ন পদাধিকারীরা৷ এরকম পদগুলিকেই বিলুপ্ত করে মেদহীন হতে চাইছে তারা৷ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি নতুন করে সাজানো হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীকে৷
এজন্য তৈরি করা হয়েছে ১১ সদস্যের প্যানেল৷ যার নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জে এস সান্ধু৷ এই প্যানেল সব দিক খতিয়ে দেখে রিপোর্ট দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার আগে রিপোর্ট জমা পড়বে সেনাপ্রধান বিপিন রাওয়াতের কাছে৷ সেখান থেকে অনুমোদন পেলে, তারপর রিপোর্ট যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে৷ নভেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে মন্ত্রণালয়ে বলে জানানো হয়েছে৷ আগামী দুবছরের মধ্যে ৫০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে৷ ২০২২-২৩ সালের মধ্যে আরও ১ লক্ষ কর্মী ছাঁটাই হবে৷ তবে গোটা ব্যাপারটিই এখন পর্যবেক্ষণের আওতায় রয়েছে বলে জানান এক সেনা আধিকারিক৷ ২০১৭ সালের অগাস্ট মাসে একটি ঘোষণা করেছিল কেন্দ্র৷ বলা হয়েছিল আগামী দুবছরের মধ্যে ৫৭ হাজার সেনাকর্মীকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে ব্যয় অত্যধিক হয়ে যাওয়ায় এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে৷