
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের সেতু গড়ে ফেলার পর ভারতকে কিছুটা এড়িয়ে চলতে চাইছে নেপাল। এমনই ইঙ্গিত মিলেছে ভারতসহ বিমস্টেক জোটের দেশগুলোর সঙ্গে যৌথ সেনা মহড়ায় নামতে নেপাল অস্বীকার করায়। আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর, পুণেতে সেনা মহড়ার আয়োজন করছে ভারত। এটাই হবে বিমস্টেক দেশগুলোর প্রথম যৌথ সেনা মহড়া। সেই মহড়ায় যোগ দেয়ার ব্যাপারে ভারতের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে নেপাল।
নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলির মিডিয়া উপদেষ্টা কুন্দন আরিয়াল বলেছেন, এটা নেপাল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। দিল্লিতে বিমস্টেক দেশগুলোর সেনাকর্তাদের বৈঠকের পর ওই সেনা মহড়ায় অংশ নেয়ার জন্য গত জুনে ভারতের পক্ষে আমন্ত্রণ জানানো হয়েছিল নেপালকে। কিন্তু তাতে যোগ দেয়া সম্ভব নয় বলে নেপালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানিয়ে দেয়া হয়েছে। তবে ওই সেনা মহড়ায় নেপালের পক্ষ থেকে ৩ জনকে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে। ওই যৌথ সেনা মহড়ার পর একটি সম্মেলন হওয়ার কথা ভারতীয় সেনাপ্রধানের উদ্যোগে। এতেও নেপালের সেনাপ্রধানের যোগদানের সম্ভাবনা খুবই কম বলে কূটনীতিকরা জানিয়েছেন। কারণ, আজ সোমবারই নেপালের নতুন সেনাপ্রধান দায়িত্ব নিচ্ছেন। তারপর তিনি হাতে যে সময় পাবেন, তাতে তার পক্ষে ভারতীয় সেনাপ্রধানের আয়োজন করা সম্মেলনে যোগ দেয়া সম্ভব নয় বলে কূটনীতিকদের ধারণা।