
আন্তর্জাতিক ডেস্কঃ ২৪ ঘণ্টার মধ্যেই পরপর দু’বার কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। গতকাল রবিবার দুপুরে ভুমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি। আজ সোমবার সকালে ফের ভুমিকম্প হয়েছে। দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকা কেঁপে উঠেছে। পরপর এইভাবে ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, আজ সকালের ভুমিকম্পের উৎসস্থল মীরট থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে মীরটে। ভুমিকম্পে রিখটার স্কেলের মাত্রা ছিল ৩.৬। আজ সোমবার সকাল ৬টা ২৮ মিনিটে সেই ভূমিকম্প হয়। এপিসেন্টার হল উত্তরপ্রদেশের খারখাউড়া। ইউএসজিএস-এর রিপোর্ট অনুযায়ী, মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়েছে। এদিনও আতঙ্কিত হয়ে ট্যুইটারে অনেকে কম্পনের কারণ জানতে চান।
অন্যদিকে গতকাল রবিবার বিকেলেও আচমকা কম্পন অনুভূত হয় দিল্লিতে। এদিন বিকেল ৪ টা ৪০ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। এদিন উৎসস্থল ছিল হরিয়ানার ঝাঝর। ভুমিকম্প মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৮। এদিনও উৎসস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভুমিকম্প তিন সেকেন্ড স্থায়ী হয়। দিল্লির আশেপাশের অঞ্চলেও মৃদু ভুমিকম্প অনুভূত হয়। এর আগেও আফগান বা পাকিস্তানের ভূমিকম্পের প্রভাব পড়তে দেখা গিয়েছে দিল্লিতে।